মাদারীপুরে চাচার হামলায় ভাতিজার মৃত্যু

ফন্ট সাইজ:

মাদারীপুরের ডাসার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় মারুফ সরদার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী।

নিহত মারুফ সরদার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের ছেলে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত মফাজ্জেল সরদার ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নুর ইসলাম সরদারের সঙ্গে তার চাচাতো ভাই মফাজ্জেল সরদারের বিরোধ চলছিল। এর জের ধরে গত শনিবার সকালে নুর ইসলামের জমিতে লাগানো গাছ জোরপূর্বক কেটে ফেলে মফাজ্জেল সরদার। এ ঘটনায় বাধা দিতে গেলে প্রথমে নুর ইসলাম ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়।

পরে আহতদের হাসপাতালে নেয়ার পথে ভদ্রখোলা এলাকায় তাদের গতিরোধ করে আবারো হামলা চালানো হয়। এতে মারুফ সরদারসহ তার বোন গুরুতর আহত হন। মারুফকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পাঁচ মেয়ের পর আল্লাহ আমাকে একটি ছেলে দিয়েছিল, তাকেও আমার বুক থেকে কেড়ে নিয়েছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।’

ঘটনার পর ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম নিহতের বাড়ি পরিদর্শন করেন। ইউএনও জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে এবং আহত মারুফ পরে মারা গেছেন। ডাসার থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তা বজায় রাখতে পুলিশ কাজ করছে।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন