যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) “এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৬” এ বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গত ২৩শে এপ্রিল টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং-এর নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়। র্যাঙ্কিংয়ে এশিয়াতে ৪০১ থেকে ৫০০ এর মধ্যে অবস্থান করে নিয়েছে দেশের চারটি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে শুধু যবিপ্রবি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
তবে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে যৌথভাবে শীর্ষে (বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির “২০২৬ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়”র তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে স্থান পেয়েছে মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। তার মধ্যে যৌথভাবে পঞ্চম স্থানে অবস্থান করছে যবিপ্রবি। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিং নিয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, যবিপ্রবি‘র সকল শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশাকরি, মর্যাদাপূর্ণ এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
