টেকনাফে পৃথক অভিযানে ল্যাংড়া রাসেলসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শনিবার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ও দক্ষিণ লেদা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। র‌্যাব সূত্রে জানা গেছে- গতকাল রাত আনুমানিক ১২টার পরে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় প্রথম অভিযান চালায় র‌্যাব-১৫।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকারিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি লেদা ক্যাম্প এলাকার শফিক আহম্মদের ছেলে। এর কিছুক্ষণ পরেই রাত ১টার দিকে একই ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার ‘বক্কর মেম্বারের রাস্তার মাথা’ নামক স্থানে দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওই অঞ্চলের চিহ্নিত সন্ত্রাসী রাসেল ওরফে ল্যাংড়া রাসেল (৩৮)কে।

র‌্যাব জানায়, রাসেলের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গত ১লা এপ্রিল উখিয়া থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামি ছিলেন তিনি। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত উভয় আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন