মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

‘চলো সবাই স্কুলে যাই’- স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ সময় প্রতিমন্ত্রী উদ্বোধনী বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে নৈতিক ও খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুব সমাজ ও কিশোর-কিশোরীদের চিন্তাকে প্রসারিত করে মূল্যবোধ তৈরি করে এবং প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম প্রমুখ।

বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নান্দাইল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরসহ অনেকে। এদিকে, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় উত্তর জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও আচারগাঁও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা)।

অপরদিকে, রানার্স আপ হয় দেওয়ানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও সিংরইল দক্ষিণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা)। খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপদের ট্রফি তুলে দেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন