ভোলার লালমোহন উপজেলায় মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন সময়ে কর্মহীন জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে ২০২৫-২০২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ হাজার ৮০০ জেলের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে-৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ৮ কেজি ডাল, ১০ লিটার তেল, ১২ কেজি আটা এবং ১৬ কেজি আলু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মোস্তফা, কোস্ট গার্ডের লালমোহন আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. সোহেল রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
