সংসদ সদস্যের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯

ফন্ট সাইজ:

নেত্রকোণা-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়ি ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার মধ্যরাতে মাছুম মোস্তফার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১২৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬৩ জনকে আসামি করা হয়েছে। মামলায় পূর্বধলা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে ২ নম্বর আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামলায় নেতৃত্ব দিয়েছেন তারা। আসামিদের সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান-গ্রেপ্তার ৯ জনের মধ্যে একজন এজাহারভুক্ত আসামি এবং বাকিরা সন্দেহভাজন। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়- গত শুক্রবার সন্ধ্যায় সংসদ সদস্য মাছুম মোস্তফা ব্যক্তিগত গাড়িতে করে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলা সদরের আতকাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনে যান।

এ সময় পাশের একটি মসজিদে নামাজ আদায়ের জন্য গেলে তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে তাকে প্রায় আধাঘণ্টা মসজিদের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। এদিকে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন