পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মঠবাড়িয়া পৌরসভার মাতুব্বর বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত যেকোনো সময় সে ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তার বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়। মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ট্রান্সমিটার চুরি করতে বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যায়। তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
