রিমান্ড শেষে সেনা সদস্য হাফিজুর কারাগারে

তনু হত্যা

রিমান্ড শেষে সেনা সদস্য হাফিজুর কারাগারে

ফন্ট সাইজ:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে আদালতে তোলা হয়। এ সময় ১৬৪ ধারায় তিনি জবানবন্দি না দেয়ায় তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার হাফিজুর রহমান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া সন্দেহভাজন আরও দুই সেনা সদস্যকে খোঁজা হচ্ছে। কেউ আটক হলে সময়মতো গণমাধ্যমে সব জানানো হবে। এদিকে ওয়ারেন্ট অফিসার (অব.) হাফিজুর রহমানকে পিবিআই ঢাকার কার্যালয়ে তনু হত্যার বিষয়ে তিনদিনের জিজ্ঞাসাবাদে কোনো তথ্য দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, বেশ কিছু তথ্য দিয়েছেন হাফিজুর। আমরা এসব তথ্য যাচাই করবো। তাই এ নিয়ে এখনই বিস্তারিত কোনো মন্তব্য করা যাচ্ছে না। তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে মোবাইলে কল দিয়ে তদন্ত কর্মকর্তা আমাদের কুমিল্লা কারাগার গেটে থাকতে বলেছেন। আমি বাবাকে (মামলার বাদী) গেটে পৌঁছে জানতে পেরেছি আসামি (হাফিজুর)কে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তাই তাকে দেখা হয়নি।

এর আগে, গত মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে গ্রেপ্তারের পর পিবিআই তাকে বুধবার বিকালে কুমিল্লার আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোমিনুল হক জিজ্ঞাসাবাদের জন্য তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইদিন (বুধবার) হাফিজুর রহমানকে ঢাকায় ল্যাবে নিয়ে তার বেশ কিছু ডিএনএ নমুনা নেয়া হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন