ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্যাপনকে সামনে রেখে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, জেলা ডিএফআই’র অতিরিক্ত পরিচালক মো. জুলফিকার আহমেদ, এনএসআই’র যুগ্ম পরিচালক ড. সুলতানা কানিজ আয়শা, ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল-ফুলবাড়ীয়া সার্কেল) হাসান ইস্রাফীল। এ ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর আসাদুজ্জামান সোহেলসহ প্রমুখ।
