গভীর রাতে রাঙ্গামাটিতে আগুনে পুড়লো তিন দোকান

গভীর রাতে রাঙ্গামাটিতে আগুনে পুড়লো তিন দোকান

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত প্রায় ২টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি পরিচালিত একটি হার্ডওয়্যার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের একটি ভাঙাড়ি দোকান ও একটি মৎস্য আড়তে ছড়িয়ে পড়ে, ফলে তিনটি দোকানই সর্ম্পূণরূপে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ২০ সদস্যের একটি দল দ্রুত স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিউল আলম রবি জানান- অগ্নিকাণ্ডে তার দোকানের সবকিছু পুড়ে গেছে এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে, পুড়ে যাওয়া তিনটি দোকানের মালিক মোজাম্মেল হক। তার স্বজনদের মতে, এ ঘটনায় তারও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান- খবর পাওয়ার পর পরই তারা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন