নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকার প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লা ও স্বজনরা জানান, গত এক সপ্তাহ পূর্বে তিনি লন্ডন থেকে দেশে আসেন। গতরাত আড়াইটার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পিস্তল ঠেকিয়ে প্রবাসী হিরণ মোল্লা ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে নগদ ২৭ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণাংকার, দামি মুঠোফোন, সাড়ে ৪ হাজার পাউন্ড বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা ও জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
