গাজীপুরের সালনা এলাকায় চলন্ত বাসে ব্যবসায়ীকে জিম্মি করে ৮ লাখ টাকা ও মূল্যবান মালামাল লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ওইদিন রাত পৌনে ৪টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ও কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার জাবেদ ইকবাল বাদল (৩২) ও মো. আব্দুল্লাহ আল মামুন (৩৮)। জানা যায়, গত বছরের ৫ই ডিসেম্বর ব্যবসায়ী মো. ফুল মিয়া নগদ ৮ লাখ টাকা ও প্রায় ৫৬ হাজার টাকার মালামাল নিয়ে টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে সালনা ফ্লাইওভার থেকে একটি যাত্রীবাহী বাসে ওঠেন। ওই বাসের চালক, চালকের সহকারীসহ ৬-৭ জনের একটি ডাকাত দল আগে থেকেই বাসটিতে যাত্রীবেশে ওত পেতে ছিল।
পরে বাসটি টঙ্গীর দিকে না গিয়ে ইউটার্ন নিয়ে রাজেন্দ্রপুরের দিকে যাত্রা শুরু করে। এ সময় ডাকাতরা ব্যবসায়ী ফুল মিয়াকে চাপাতির মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং এলোপাতাড়ি মারধর করে তার সঙ্গে থাকা সব টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। পরে তাকে মাস্টারবাড়ী এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল আসামিদের অবস্থান নিশ্চিত করে বৃহস্পতিবার অভিযান চালায়। এর আগে চলতি বছরের ৬ই জানুয়ারি এই মামলার আরও এক সদস্য মো. মোখলেছ মিয়া (৪১)কে গ্রেপ্তার করেছিল র্যাব। ময়মনসিংহ র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
