চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে টয়লেটের ময়লা পানি রাস্তায় ও পুকুরে ফেলে মারাত্মক পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন। গত মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে আবুল মনসুর ও মোজাফফর সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ স্মারকলিপি জমা দেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এমএ কাসেম রাজা সড়কের পাশে একটি ভবন থেকে টয়লেটের ময়লা পানি সরাসরি রাস্তায় ছেড়ে দেয়া হচ্ছে। পরে সেই দূষিত পানি পাশের একটি পুকুরে গিয়ে পড়ছে, যা স্থানীয়দের ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
সরজমিন দেখা যায়, কালো রংয়ের দুর্গন্ধযুক্ত ময়লা পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে আশপাশের পরিবেশকে দূষিত করছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা চলাচলের সময় মারাত্মক দুর্ভোগে পড়ছেন। অভিযোগে উল্লেখ করা হয়, জালাল আহমেদ গং টয়লেটের বর্জ্য নিষ্কাশনের কোনো সঠিক ব্যবস্থা না রেখে তা উন্মুক্তভাবে রাস্তায় ফেলছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিকবার আপত্তি জানালেও তিনি তা আমলে নেননি। বরং রাস্তার মালিকানা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত জালাল আহমেদ ও জানে আলম দাবি করেছেন, তাদের টয়লেটের পাইপ প্রভাবশালীরা ভেঙে ফেলেছে, যার ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে দ্রুত এ সমস্যা সমাধান, পরিবেশ রক্ষা এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একইসঙ্গে সরজমিন তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সরজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
