কুমিল্লায় বিরোধের জেরে চলাচলের রাস্তায় দেয়াল থানায় অভিযোগ

কুমিল্লায় বিরোধের জেরে চলাচলের রাস্তায় দেয়াল থানায় অভিযোগ

ফন্ট সাইজ:

কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকায় দেড় শতাধিক লোকের চলাচলের রাস্তায় প্রভাবশালী চক্র কর্তৃক হুমকির মুখে রাস্তায় দেয়াল তৈরি করার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে শাসনগাছা এলাকার আকবর হোসেনের স্ত্রী সালমা আক্তার খুকি এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- একই এলাকার খলিলুর রহমান, মাছুম মিয়া, কামাল হোসেন ওরফে হাসেম, আবুল মেম্বার, মাছুম, মফিজ মিয়া ও নাছিম। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিনের চলাচলের যৌথ মালিকানাধীন একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। সেই বিরোধের জের ধরে দীর্ঘ প্রায় চার যুগেরও বেশি সময়ের পুরাতন ওই রাস্তায় প্রথমে টিনের বেড়া এবং পরে পাকা দেয়াল তৈরি করেছে। ওই রাস্তাটির দৈর্ঘ্য ৫০০ ফুট এবং প্রস্থ ১১ ফুট।

স্থানীয়রা বলেন, এ সড়ক দিয়ে একই এলাকার দেড় শতাধিক লোক নিয়মিত পায়ে হেঁটে কিংবা অটো-সিএনজিযোগে প্রতিদিন চলাফেরা করতো। দেয়াল করার কারণে ভেতরে রিকশাও প্রবেশ করতে পারে না। এদিকে, অভিযুক্তরা বৃহস্পতিবার সকালে নির্মাণ শ্রমিক এনে ইট, বালু সিমেন্ট দিয়ে হুমকির মুখে স্থায়ীভাবে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এতে তারা থানায় অভিযোগ করেন। মামলার বাদী সালমা বলেন, বিরোধের জেরে অন্যায়ভাবে এভাবে রাস্তা বন্ধ করায় ওই সড়কে কোনো যানবাহন ঢুুকতে পারছে না। অভিযোগ দেয়ার পর বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাস্তা খুলে দিতে তিনি প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন। তবে যোগাযোগ করেও এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য জানা যায়নি। কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন