ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়ের হওয়া এক আলোচিত গণধর্ষণ মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার ওসি ফকির তাইজুর রহমান। আসামিরা হলো- মো. লিটন মোল্যা (৩৩), সবুজ মোল্যা (২৩) ও আলী শরীফ (২০)।
পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ সুপার মো. নজরুল ইসলামের নির্দেশনায় অভিযান শুরু হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপনসূত্রের সহায়তায় অভিযান চালিয়ে একইদিনে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে বলে জানান ওসি ফকির তাইজুর রহমান।
