নারায়ণগঞ্জ বন্দরে ধর্ষণের বিচার চাওয়ায় গৃহকর্মীর চুল কেটে দেয়ার ঘটনায় ধর্ষক বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মদনপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১৭ই এপ্রিল এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত মো. বাবুল মিয়া বন্দর উপজেলা যুবদলের সেক্রেটারি প্রার্থী ও ওই বাড়ির মালিক। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার চাওয়ায় ধর্ষক বাবুল গৃহকর্মীর চুল কেটে দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ভুক্তভোগী কুমিল্লার বুড়িচং উপজেলার রাজমিস্ত্রি মোশাররফ হোসেনের স্ত্রী তিন বছর ধরে মদনপুর এলাকার মৃত মোজাম্মেল হোসেন মুজার ছেলে বাবুলের বাড়িতে ভাড়া থেকে কয়েকটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন।
গত এক সপ্তাহ আগে সকালে বাবুল তার বাড়িতে কাজ করার কথা বলে ডেকে নিয়ে আসে। একপর্যায়ে বাবুল তাকে ডেকে রুমের ভেতর নিয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় গৃহকর্মী স্থানীয়ভাবে বিচার চাওয়ায় তার মাথার চুল কেটে দেয় ধর্ষক বাবুল। ঘটনার এক সপ্তাহ পর ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়ে বাবুলকে গ্রেপ্তার করা হয়।
