নেত্রকোনার পূর্বধলা উপজেলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন থেকে ১০৫০ লিটার ডিজেল অবৈধভাবে পাচারের সময় জব্দ করেছে স্থানীয় জনতা।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি কাভার্ড ভ্যানে ৫টি ড্রামে করে প্রায় ১০০০ লিটার ডিজেল এবং একটি পিকআপ ভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, প্রায় প্রতিদিনই রাতের বেলায় গোপনে তেল পাচার করা হয়। আজ ভোরবেলায় গোপনে ডিজেল পরিবহনের সময় জনতার সন্দেহ হয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে জ্বালানি জব্দ করা হয়।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম।
অভিযানকালে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ, ১১-৫৭৯০) থেকে ১০৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫) নামে তিনজনকে আটক করা হয়।
সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী অবৈধভাবে তেল পাচারের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান (৩৭)-কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জ্বালানি পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
