হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৬ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৫ শিশু। গত ১৮ই এপ্রিল ১০ মাস বয়সী শিশুটিকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল।
এরইমধ্যে গত বুধবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ই মার্চ থেকে ২৩শে এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৮ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৪৭ শিশু।
এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৬৬৭ শিশু। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।
