পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় ডাকাত দলের সরদার আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত বুধবার বিকালে র?্যাবের সহযোগিতায় মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত ১৯শে এপ্রিল রাত দেড়টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে শিক্ষক ও ব্যবসায়ী নাজমুল হাসান উজ্জ্বল বাহাদুরের বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাতদল হামলা চালায়। এ সময় ডাকাতরা অস্ত্র নিয়ে গৃহকর্তাকে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে স্থানীয়রা এলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার কিছু সময় পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাত দুলাল রাড়ী (২৬) হিজলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় গৃহকর্তা উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাত বাহাদুর (১৯) গুরুতর আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সরদারকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মোট ৯ জনের একটি দল ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তারা একটি ট্রলারযোগে এলাকায় আসে; যেখানে দু’জন ট্রলারে অবস্থান করে এবং বাকি ৭ জন বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, বরিশাল রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের দিকনির্দেশনায় দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।
