দিনাজপুরের চিরিরবন্দরে বাড়িতে জারকিনে করে অবৈধভাবে পেট্রোল মজুত ও মজুতকৃত তেল জব্দ করে পাম্পে জমা এবং জরিমানা করা হয়েছে। গতকাল দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার নশরতপুর গ্রামের জগদীশ মেম্বারপাড়ার নিতাই চন্দ্র রায়ের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ওই বাড়িতে অভিযান চালিয়ে ৮৭ লিটার পেট্রোল জব্দ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে তেল মজুত করার দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর জব্দকৃত তেল রাতেই চিরিরবন্দর ফিলিং স্টেশনে জমা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, উপজেলায় কারও বিরুদ্ধে অবৈধ মজুতের তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।
