চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে ভূজপুর থানা পুলিশ উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইনুদ্দিনের বাড়ির উঠান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলের পাশে একটি বাইসাইকেল পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন জানান, সকাল ৯টার দিকে পুলিশ তাকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে উঠানে শোয়া অবস্থায় লাশ দেখতে পান। এ ঘটনায় বাড়ির মালিক মাইনুদ্দিন কাজের লোক সেলিমসহ চারজনকে

জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি। তবে নিহত যুবকের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি। ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চুরির সন্দেহে স্থানীয়রা ওই যুবককে রাতভর গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে সকালে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদের জন্য মাইনুদ্দিনের ভাই, কাজের লোক ও প্রতিবেশীসহ ৪ জনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন