চট্টগ্রামে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু হাসপাতাল ভাঙচুর

চট্টগ্রামে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু হাসপাতাল ভাঙচুর

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীতে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে হালিশহর থানাধীন আগ্রাবাদ বি ফোর অ্যাক্সেস রোড এলাকায় চীনা হাইড্রো কোম্পানির অধীনে চলমান মাটি খননকাজ করার সময় এ ঘটনা ঘটে। শ্রমিকদের প্রাণহানির ঘটনায় চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে ভাঙচুর হয়েছে। মৃত শ্রমিকরা হলেনÑরাকিব ও তুষার (২২)। তাদের দুইজনের বাড়ি দিনাজপুর জেলায়।

জানা গেছে, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হাইড্রো কোম্পানি মাটি খননের সময় হঠাৎ করেই মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলে কাজ করা চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সহকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় চারজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, গত বুধবার রাতে খননকাজ চলাকালে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন-প্রকল্পের পিডির (প্রজেক্ট ডিরেক্টর) সঙ্গে কথা বলে জেনেছি, খননকাজে মাটি চাপা পড়ে শ্রমিক আহত হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন-ওয়াসার দুর্ঘটনার পর শ্রমিকরা হাসপাতালে আসে। এসময় তাদের সঙ্গে ওই প্রকল্পের ঠিকাদারের লোকজনের বচসা হয়। বচসার এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ধাক্কাধাক্কি হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাঁচ ভেঙে যায় বলে জানান তিনি। পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন-এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন