পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শুধু ইসলামী ব্যাংক নয়, দেশের ব্যাংকিং খাতকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছিল। এস আলম ও বেক্সিমকোসহ একাধিক লুটেরা কোম্পানি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকিং খাত পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্টাইলে লুটেরা ও পাচারকারীদের পুনর্বাসনের জন্য আইন পরিবর্তন করেছে। গতকাল দুপুরে সিলেট নগরীতে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথা বলেন। পরিষদের সমন্বয়ক ফাতির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব কবির আহমদের পরিচালনায় নগরীর তালতলাস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন। মানববন্ধন শেষে সরকারের প্রতি ৪ দফা দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেনÑ সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট রহমত আলী, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, বদরুল আমিন হারুন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, জেলা বারের আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি হুমায়ুন কবির লিটন, ব্যাবসায়ী দুলাল হোসেন, আব্দুল কাদির, আব্দুল হামিদ ও শরীফ উদ্দিন প্রমূখ।
