মাদারীপুরের শিবচরে মূল পরীক্ষার্থীর জায়গায় আরেকজন পরীক্ষা দিতে আসায় মূল পরীক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। তবে ভুয়া পরীক্ষার্থী পালিয়ে গেছে। গতকাল শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে এসে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব খাস ফকিরকান্দি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. মেহেদী হাসান (১৮) এর পরিবর্তে মো. সাজিদ নামের একজন পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় কেন্দ্রে প্রবেশের সময় দায়িত্বরত কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখে সাজিদ পালিয়ে যান। পরে প্রায় এক ঘণ্টা পর আসল পরীক্ষার্থী মেহেদী কেন্দ্রে উপস্থিত হলে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে মেহেদী তার পরিবর্তে সাজিদকে দিয়ে পরীক্ষা দেয়ানোর চেষ্টার কথা স্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার মিজান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর মেহেদীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। তবে সাজিদের পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার
চেষ্টা করা হচ্ছে।
