জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরের পানিতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামের লোহার পুকুরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে আলী হোসেন (১০) ও রহমত আলী (৯)। তারা দু’জনেই মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৪র্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম আমু ও প্রত্যক্ষদর্শীরা জানায়- তারা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে (লোহার পুকুর) গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের চাচাতো ভাই আল ইমরান তাদের দু’জনকে পুকুরে দেখতে না পেয়ে বাড়িতে খবর দেয়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে তাদের পিতা-মাতা বাকরুদ্ধ হয়ে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
