ছেলের লাশ চুরির ভয়ে রাত জেগে কবর পাহারায় পিতা

ছেলের লাশ চুরির ভয়ে রাত জেগে কবর পাহারায় পিতা

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে নিহত ছেলে আরাফাতের (২২) লাশ চুরির ভয়ে রাত জেগে কবর পাহারা দিচ্ছেন অসুস্থ বাবা ও পরিবার। বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে সরজমিন দেখা যায়, কবরের পাশে বসে আছেন আরাফাতের বাবা জসিম খান। সন্তানের কবর অক্ষত রাখা এবং সম্ভাব্য লাশ চুরির আশঙ্কা থেকেই রাতভর পাহারায় থাকছেন তিনি ও পরিবারের সদস্যরা। এমনকি ঋণ করে লোক রেখেও চলছে পাহারা দেওয়ার কার্যক্রম।

বজ্রপাতে কেউ মারা গেলে তার লাশ চুরি করে নিয়ে যাওয়া হয় এমনই আশঙ্কা থেকে ওই পরিবারটি রাত জেগে পাহারা দেওয়ার উদ্যোগ নিয়েছে। গত বৃহস্পতিবার টঙ্গীবাড়ী উপজেলার হাইয়ার পার এলাকায় বজ্রপাতে আরাফাত খান নামে ওই যুবক মারা যান। এরপর থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিরাতে কামারখাড়া সামাজিক কবরস্থানে আরাফাতের কবরের পাশে বসে থাকছেন তার বাবা জসিম খান।

জসিম খান বলেন, আমার ছেলে দর্জির কাজ করে সংসার চালাতো। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। অনেকের মুখে শুনেছি, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরির ঘটনা ঘটে। আমরাও এমন কিছু ঘটনার কথা জেনেছি। সেই ভয় থেকেই কবর পাহারা দিচ্ছি। তিনি আরও বলেন, আমি অসুস্থ মানুষ, সবসময় থাকতে পারি না। ঋণ করে লোক রেখে কবর পাহারা দিতে হচ্ছে। নিজের সংসারই ঠিকমতো চালাতে পারছি না। তবুও ছেলের কবর রক্ষায় প্রতিদিন খরচ করতে হচ্ছে। প্রশাসন যদি কবর পাহারার ব্যবস্থা করতো, তাহলে কিছুটা শান্তি পেতাম।

স্থানীয় বিপু মাতব্বর বলেন, কিছু দুষ্কৃতকারী এলাকায় প্রায়ই কবর থেকে মরদেহ চুরি করে নিচ্ছে। বজ্রপাতে মারা গেলে ওই মরদেহের দাম নাকি অনেক বেশি। যার কারণে সেই ভয় আশঙ্কা থেকেই পরিবারটি রাত জেগে তাদের সন্তানের লাশ পাহারা দিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি অত্যন্ত মানবিক এবং উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে পরিবারটি এমন মানসিক চাপ থেকে মুক্তি পায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, নিহতের দাফন-কাফনের জন্য ইতিমধ্যে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। কবর পাহারার জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম-পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে আরও আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

উল্লেখ্য, ‘গত ১৬ই এপ্রিল বৃহস্পতিবার টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে আরাফাত খান নামের এক যুবক এবং রিজান ঢালী নামে এক কিশোর নিহত হন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন