রাজধানীর আদাবরে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকার বালুর মাঠের কাছে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি হাত ও গলাকাটা অবস্থায় ছিল। নিহতের শরীরের মোট ৪টি অংশ পায় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পা দু’টি পাওয়া যায়নি। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে ময়লা নেয়ার সময় কিছু ছেলে বালুর মাঠের কাছে খালে একটি ব্যাগ ভাসতে দেখে। ব্যাগটি পানি থেকে নিয়ে আসতেই পচা দুর্গন্ধ বের হতে শুরু করে। সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে খণ্ডিত মরদেহ দেখতে পায় পুলিশ। মরদেহের দু’টি হাত আলাদা অবস্থায় ছিল। এ সময় মাথা ও শরীরের একটি অংশও পাওয়া যায়। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে হত্যা করা হয়েছে। লাশটি ব্যাগে করে অন্য কোথাও ফেলা হয়েছিল। পরবর্তীতে খালের পানিতে ভেসে এ এলাকায় চলে আসে। কিছু ছেলে ময়লা তুলতে গিয়ে ব্যাগটি দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের মোট ৪টি অংশ উদ্ধার করা হয়েছে। এখনো পা দু’টি পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল কাজ করছে।
