বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অস্ত্রের মুখে তিন রাবার শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আলীক্ষ্যং মৌজার মুস্তইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তাদের তুলে নেয়া হয়।
অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। বাগানমালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল মুখোশ পরে স্টাফ কোয়ার্টারে হানা দেয়। এ সময় দরজা খুলতেই অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে।
এ সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকেই তিনজন তরুণ শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা। ঘটনার সময় উপস্থিত টপোর নুরুল ইসলাম জানান, হঠাৎ গভীর রাতে দরজায় শব্দ পেয়ে তারা জেগে ওঠেন। দরজা খুলতেই মুখোশধারী সশস্ত্র লোকজন অস্ত্র তাক করে ভয়ভীতি দেখিয়ে তিনজনকে ধরে নিয়ে যায়।
এসময় দুর্বৃত্তরা স্টাফ কোয়ার্টার থেকে ৫টি মোবাইল ফোন, ২টি দা এবং ৩টি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে। বাগানের মালিক ও বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু জানান- শ্রমিক নুরুল ইসলাম ফোনে অপহরণের বিষয়টি তাকে জানানোর পরপরই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- অপহৃত তিন শ্রমিককে উদ্ধারে পুলিশ ও বিজিবি’র যৌথ অভিযান চলছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকায় আফসার গ্রুপ, সরোয়ার গ্রুপসহ একাধিক সন্ত্রাসী চক্র সক্রিয় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, এর আগে একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয় বলে স্থানীয়রা জানান।
