মাগুরায় বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ের ফলে বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। গত মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এরই মধ্যে তীব্র লোডশেডিংয়ে পরীক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। দিনে রাতে ৭-৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
এসএসসি পরীক্ষার্থী অধরা বলেন, সবেমাত্র বাংলা পরীক্ষা শেষ হয়েছে। এখনো অনেক বিষয়ের পরীক্ষা বাকি। এরই মধ্যে শুরু হয়েছে তীব্র লোডশেডিং। তীব্র লোডশেডিংয়ের ফলে আমি দিনে ও রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। পরীক্ষার্থী সাবিহা, তাসনিমসহ অনেকে জানান- দিন রাতে বিদ্যুৎ থাকছে না।
ফলে আমরা পড়াশোনা নিয়ে বিপাকে আছি। বজরুক শ্রীকুণ্ডী এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন- ভয়াবহ এ লোডশেডিংয়ে শিক্ষার্থীরা ঠিকমতো পড়তে পারছে না। আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের অনেক কঠিন বিষয়ের পরীক্ষা রয়েছে। তাই লোডশেডিংয়ে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। শিক্ষক রাকিবুল ইসলাম বলেন, জ্বালানি তেলের সংকটে বিদ্যুতের এ লোডশেডিং রয়েছে। সরকারের কাছে আমাদের আবেদন এসএসসি পরীক্ষা চলাকালীন সময় বিদ্যুতের লোডশেডিংয়ের দিকে নজর দেয়া হোক।
