সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক মধ্যপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আনসার আলী (২৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। নিহতের নাম আনসার আলী। তিনি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেলচালক। নিহতের পরিবারের দাবি- নিহত আনসার আলী রাত ৮টায় নিখোঁজ হন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী ভাদেরটেক মধ্যপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে।
এর সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের সঙ্গে কিছু আলামতও উদ্ধার হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।
