সাভারের পাকিজা এলাকা থেকে খাদ্য অধিদপ্তরের চালবোঝাই ট্রাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই ট্রাকে থাকা ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে ট্রাকের চালক ও হেলপারসহ আরও একজনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিয়ামত উল্লাহ। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে ট্রাকভর্তি চালসহ তিনজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। গোপনীয়তা রক্ষায় তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়াগামী লেনে সাভারের পাকিজার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানোর জন্য সন্দেহভাজন একটি ট্রাককে সিগন্যাল দেয়। পরে ট্রাকের ভেতরে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা চাল পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা রয়েছে দেখে পুলিশ চালের চালান এবং বৈধ কাগজপত্র দেখতে চায়। ট্রাকের চালকসহ তিনজন কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ ট্রাক ও চাল জব্দ করে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিয়ামত উল্লাহ বলেন, ‘৩৬১ বস্তা খাদ্য অধিদপ্তরের চাল জব্দ করা হয়েছে।
এ সময় চাল বহনকারী ট্রাক জব্দ ও চালক-হেলপারসহ তিনজনকে আটক করেছি। মূলত চালের চালান বা নিয়ে আসার কোনো পাস ছিল না। ঢাকার তেজগাঁও খাদ্য অধিদপ্তরের গুদাম থেকে ট্রাকে ভরে অবৈধভাবে এসব চাল ফরিদপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। বৈধ কোনো কাগজপত্র যদি তারা না আনতে পারেন তাহলে ধরে নেয়া হবে চালগুলো চোরাই। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
