কেন্দুয়ায় জমির দখলকে কেন্দ্র করে প্রাণ গেল গৃহবধূর

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ায় জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন আসমা আক্তার (৪৫), সোহেল (৩৬), হারুনা আক্তার (৬০), শিখা আক্তার (২০), শারমিন আক্তার (২৫), নূরুল ইসলাম (৬০) ও শাহীন মিয়া (৩২)। এছাড়া নিহতের স্বামী সাদ্দাম হোসেন ও পিতা আব্দুস সাত্তারসহ আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত সোমা আমতলা কোনাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নূরুল ইসলাম ও তার মরহুম ফুফাত ভাই শামসুদ্দিনের ছেলে শাহীন মিয়ার মধ্যে ৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাট করতে শাহীন লোকজন নিয়ে সেখানে গেলে নূরুল ও তার পক্ষের লোকজন বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সোমা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, তাদের দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিল শাহীন। বুধবার সকালে ভেকু মেশিন দিয়ে জমিতে মাটি ভরাট করতে গেলে বাধা দেয়ায় তাদের ওপর হামলা চালানো হয়। এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ জানান-মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন