সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নামে এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে নিহতের ভাতিজা আল ফাহাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত সোমবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোতা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দপ্তরীর ছেলে। নিহতের ভাতিজা আল ফাহাদ বলেন, ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান পাশ থেকে তাকে বহনকারী জিপ গাড়িকে চাপা দেয়।
এতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
