ঢাকার কেরানীগঞ্জে নকল মধু তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১ লাখ কেজি ভেজাল মধু জব্দ করে কারখানাটি সিলগালা করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ। তিনি জানান, কারখানাটি থেকে অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্নস্থানে এসব ভেজাল মধু সরবরাহ করা হতো। মধু তৈরির সরঞ্জামসহ প্রায় ২ হাজার ড্রামে সংরক্ষিত ১ লাখ কেজির অধিক ভেজাল মধু জব্দ করা হয়। এ ঘটনায় কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার ৫ লাখ টাকা পরিশোধে তাৎক্ষণিক অপারগতা প্রকাশ করলে ম্যানেজারসহ ৩ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।
