বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় রিয়াল মাদ্রিদ ভক্তরা ক্ষোভে ফুসছিল। সান্তিয়াগো বার্নাব্যুতে তাই আলাভেসের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুয়ো দিতে থাকে মাদ্রিদিস্তারা। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের কাছে বল যেতেই শিস ভেসে আসে গ্যালারি থেকে। শেষ পর্যন্ত ম্যাচে ২-১ গোলের জয়ের নায়ক তারাই। দুয়োকে হাততালিতে পরিণত করায় ম্যাচ শেষে কোচের প্রশংসা কুড়ান ভিনি।
রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘কঠিন পরিস্থিতির সময়গুলোতে ভিনিসিয়ুস সবসময় বড় ছাপ রাখে। তার দলের দায়িত্ব সে নিজ কাঁধে নেয়। তার মানসিকতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সে লুকিয়ে থাকে না, সে সাহসী। সে একজন মাদ্রিদ ভক্ত, এই শার্ট ও ব্যাজের প্রতি তার আনুগত্য আছে।’ স্প্যানিশ কোচ আরও বলেন, ‘ভক্তদের চাহিদা থাকেই। তারা তাদের খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা চায়। ভিনি আজ দুয়োকে হাততালিতে পরিণত করেছে। সে এরমকটা আগেও করেছে এবং এটিই গুরুত্বপূর্ণ।’
