কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাশেদ আলী (৩৫)। তিনি ওই এলাকার রবিউল শেখের ছেলে। পেশায় তিনি ফেরি করে মশারি বিক্রি করতেন। জানা গেছে, রাশেদ আলী গত শনিবার কাজ শেষে বাড়িতে ফেরেন। দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার গভীর রাতে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই জহুরুল ইসলাম তার বড় ভাই রাশেদের ওপর ছুরিকাঘাত করে। এতে রাশেদ গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, রাশেদ আলীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
