পার্বত্য চট্টগ্রামে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহলকালে পাহাড় কাটা স্থানে একদল ব্যক্তিকে অবৈধভাবে পাহাড় কাটার কাজে লিপ্ত অবস্থায় দেখতে পায়। এ সময় টহল দল তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৩ জনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং বিপুল পরিমাণ মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এদিকে ঘটনাস্থলে পূর্ববর্তী পাহাড় কাটার একাধিক চিহ্ন শনাক্ত হওয়ায় বিষয়টি অধিকতর তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্ত কার্যক্রমে সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক অংশ নেন। অভিযান পরিচালনাকারী খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা বলেন, ‘পার্বত্য এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করে না, বরং ভূমিধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আজকের অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার জন্যও আহ্বান জানাই, যেন কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হন।’
পাহাড় কাটায় খাগড়াছড়িতে ৩ জনের কারাদণ্ড, ট্রাক্টর জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
