শায়েস্তাগঞ্জে সড়ক ও ড্রেনেজ সংকটে জনদুর্ভোগ

শায়েস্তাগঞ্জে সড়ক ও ড্রেনেজ সংকটে জনদুর্ভোগ

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দাউদনগরে দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে- পৌর প্রশাসকের পর্যাপ্ত নজরদারির অভাবে এসব সমস্যা বছরের পর বছর অবহেলিত রয়ে গেছে। সরজমিন দেখা যায়- দাউদনগর পুরাতন বটগাছ এলাকা থেকে ছাওয়ালপীর মাজার পর্যন্ত এবং মাছের ঘাটের পূর্ব পাশ থেকে পশ্চিম লেজাপাড়া মোড়সহ বিভিন্ন অলিগলির সড়ক ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। নিম্নমানের নির্মাণের কারণে পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে এলাকায় নির্মিত ড্রেনগুলোর অনেকগুলো ভাঙা ও অপর্যাপ্ত হওয়ায় বৃষ্টির সময় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাড়ছে মশা-মাছির উপদ্রব ও স্বাস্থ্যঝুঁকি। ড্রেনের ময়লা পানির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। স্থানীয়রা জানান- বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ- পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কাজ হলেও দাউদনগর মহল্লা অবহেলিত রয়েছে। তারা দ্রুত সড়ক ও ড্রেন সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন