মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান অপরিবর্তিত

মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান অপরিবর্তিত

ফন্ট সাইজ:

গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়ে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচেই হেরেছেন আফঈদা-তহুরারা। টানা হারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। আজ প্রকাশিত মেয়েদের ফুটবল র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ তথ্যে দেখা গেছে, বাংলাদেশ আগের ১১২তম অবস্থানে রয়েছে। ফিফার নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকলেও রেটিং পয়েন্ট কিছুটা কমেছে। ৪.৮৭ রেটিং পয়েন্ট হারিয়ে বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ১১৬৫.৫৭।

এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলে বাংলাদেশ। তাদের বিপক্ষে পুরো টুর্নামেন্টে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি। উল্টো হজম করেছে ১১ গোল। মূলত র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো বিপক্ষে হারার কারণে বাংলাদেশের অবনতি হয়নি।

প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আমেরিকান সামোয়া। ১৭ ধাপ এগিয়ে ১২০ নম্বরে উঠে এসেছে তারা। সবচেয়ে বেশি অবনতি হয়েছে ওশেনিয়া মহাদেশের দেশ সুরিনামের। বর্তমানে তাদের অবস্থান ১৩৯ নম্বরে। বিশ্ব ফুটবলের শীর্ষস্থানগুলো অপরিবর্তিতই রয়েছে। সবার ওপরে অবস্থান করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ১.০৩ রেটিং পয়েন্ট বাড়িয়ে তাদের মোট পয়েন্ট এখন ২০৮৩.০৯। অন্যদিকে ২০৫৪.৬৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। শীর্ষ দুই দলের অবস্থানে কোনো রদবদল হয়নি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন