স্ত্রী সংসদ সদস্য হলেও আমার পেশাগত দায়িত্ব ও অবস্থান অপরিবর্তিত থাকবে

জিল্লুর রহমান

স্ত্রী সংসদ সদস্য হলেও আমার পেশাগত দায়িত্ব ও অবস্থান অপরিবর্তিত থাকবে

ফন্ট সাইজ:

বিএনপি থেকে নারীদের জন্য সংরক্ষিত আসনে স্ত্রী ফাহমিদা হক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক, কলামিস্ট, টকশো উপস্থাপক এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানান তিনি।

বিজ্ঞপ্তিতে টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘আমার স্ত্রী ফাহমিদা হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নারীদের জন্য সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অনেক বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। সে কারণেই সংক্ষেপে আমার কিছু কথা জানানো প্রয়োজন মনে করছি। ফাহমিদার জনসম্পৃক্ততা আজকের বিষয় নয়। দীর্ঘদিন ধরেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণ সংক্রান্ত আলোচনায় যুক্ত আছেন। তিনি দেশজুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, নানা সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন এবং তার লেখার মাধ্যমে জনপরিসরের আলোচনায় অংশ নিয়েছেন। এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই তার রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে বিকশিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য হিসেবে তার এই নির্বাচন তাই তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতারই একটি নতুন অধ্যায়। আমি আশা করি তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক অবদান রাখবেন। একই সঙ্গে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই। আমার পেশাগত জীবন—একজন সাংবাদিক, কলামিস্ট, টক-শো উপস্থাপক এবং একটি নীতি-গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে—দীর্ঘ কয়েক দশকের স্বাধীন পেশাগত কাজের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেই পেশাগত দায়িত্ব ও অবস্থান অপরিবর্তিত থাকবে।’

‘গণতন্ত্রে একই পরিবারের মানুষ ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করতে পারেন, কিন্তু পেশাগত সততা সব সময় স্বাধীন থাকতে হবে।’ বস্তুনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা এবং উন্মুক্ত জনআলোচনার প্রতি প্রতিশ্রুতিই আমার কাজকে পরিচালিত করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।-উল্লেখ করেন তিনি।

স্ত্রীর সাফল্য কামনা করে জিল্লুর রহমান বলেন, ‘ফাহমিদার নতুন দায়িত্ব পালনে আমি তার সাফল্য কামনা করি। আর আমার ক্ষেত্রে, সাংবাদিকতা ও নীতি-আলোচনার ক্ষেত্রে যে স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে এতদিন কাজ করেছি, সেই একই নীতিতে আমি আমার কাজ চালিয়ে যাব।’

উল্লেখ্য, গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকা ঘোষণা করেছে বিএনপি। সেই তালিকায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ সাবেক সংসদ সদস্য, বিএনপির নেতাদের স্ত্রী-কন্যা, ছাত্রদলের নেত্রী, পেশাজীবী এবং সামাজিক প্রতিনিধিরা। এর মধ্যে জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের সহধর্মিনী ফাহমিদা হক মনোনয়ন পান।

সিরু

১ মাস আগে

এই জিল্লুর নাকি ১/১১ এর কুশিলব ছিল?

এ এইচ ভুঁইয়া

১ মাস আগে

স্ত্রী (বেগম সাহেবার) গতি একটা হয়েছে এখন আপনার পালা। দেখেন আমেরিকায় মুর্তজায় যায়গায় আপনাকে প্রেস মিনিস্টার করার সুযোগ আছে কিনা ?

Showkat

১ মাস আগে

ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা।

Shahid

১ মাস আগে

জিল্লুর রহমান যে ইসলামিক বিরুদ্ধ ব্যক্তি সেটা নতুন নয়। তিনি যে চেতনায় বিশ্বাসী তার স্ত্রীও একই চেতনার লোক। যারা দেশকে বিশ্বে দূর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন করেছেন তাদের সাথে সম্পৃক্ততা কতটুকু নিরপেক্ষ সেটা অবশ্যই প্রশ্ন রাখে।

Andalib

১ মাস আগে

একজন দলনিরপেক্ষ সাংবাদিক ও টক শো হোষ্ট হিসাবে জিল্লুর সাহেব গত ২৫ বছরে যে ইমেজ তৈরি করেছিলেন তা এখন কঠিন পরীক্ষার মুখে পড়বে। স্ত্রী যখন বিএনপির শীর্ষ নেতৃত্বের আশির্বাদে এমপি মনোনীত হয়েছেন তখন জিল্লুর সাহেবের পক্ষে কোন ইস্যুতে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থান নেয়া বা বিএনপির নেতৃত্বের কঠিন কোন সমালোচনা করা সম্ভব না-ও হতে পারে।

মন্তব্য করুন