আট মৌসুম পর প্রিমিয়ার লীগ থেকে অবনমন উলভসের

আট মৌসুম পর প্রিমিয়ার লীগ থেকে অবনমন উলভসের

ফন্ট সাইজ:

ইংলিশ প্রিমিয়ার লীগে টিকে থাকার শেষ আশাটুকুও নিভে গেল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের। সোমবার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় অবনমন নিশ্চিত হয়ে গেছে উলভসের। এর ফলে আট মৌসুম পর ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর থেকে দ্বিতীয় স্তরের লীগ ‘চ্যাম্পিয়নশিপ’-এ নেমে গেল ক্লাবটি।

চলমান মৌসুমে উলভসের পারফরম্যান্স ছিল একেবারেই সাদামাটা। পর্তুগিজ কোচ ভিতর পেরেইরার অধীনে ক্লাবটি যাত্রা শুরু করলেও গত নভেম্বরে তাকে বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হওয়া রব এডওয়ার্ডসও দলের ভাগ্য ফেরাতে পারেননি। পুরো মৌসুমে জয়ের দেখা পেতে উলভসকে অপেক্ষা করতে হয় জানুয়ারি পর্যন্ত। লীগে ৩৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত স্রেফ ৩ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে তারা। ৮ ড্র ও ২২ ম্যাচে হারে বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে পড়ে আছে দলটি। এই শোচনীয় পতনে সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন ক্লাবের অন্তর্বর্তীকালীন নির্বাহী নাথান শি। এক আবেগঘন বিবৃতিতে তিনি বলেন, ‘রেলিগেশন নিশ্চিত হওয়া আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত সবার জন্য এক কঠিন মুহূর্ত। আমাদের সমর্থকরা আরও ভালো কিছু পাওনা ছিলেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা দৃঢ় সংকল্প নিয়ে ঘুরে দাঁড়াব এবং এমন একটি দল গড়ব, যা নিয়ে আপনারা গর্ব করতে পারেন।’

২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লীগে আসা উলভস দীর্ঘ সময় ধরেই শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করছিল। তবে এবারের ব্যর্থতা তাদের ফের পুরনো ঠিকানায় ফিরিয়ে নিয়ে গেল। শোচনীয় অবস্থায় রয়েছে ‘বিগ সিক্স’-এর একটি টটেনহ্যাম হটস্পারও। ৩৩ ম্যাচে স্রেফ ৭ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে ঘুরপার খাচ্ছে স্পার্সরা। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারলে ১৯৭৭-এর পর প্রথমবারের মতো দ্বিতীয় স্তরে নেমে যেতে হবে জায়ান্টদের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন