পিএসএলে এক বছরের জন্য নিষিদ্ধ শানাকা

পিএসএলে এক বছরের জন্য নিষিদ্ধ শানাকা

ফন্ট সাইজ:

পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ছেড়ে মাঝপথে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) যোগ দেয়ায় বড় শাস্তির মুখে পড়লেন দাসুন শানাকা। লাহোর কালান্দার্স ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দেয়ায় লঙ্কান অধিনায়ককে আগামী এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজের কৃতকর্মের জন্য পরে এক বিবৃতিতে ক্ষমা প্রার্থনা করেছেন শানাকা।
এক বিবৃতিতে সোমবার পিসিবি জানায়, গত ২১শে মার্চ শানাকার টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটি ছিল খেলোয়াড় নিবন্ধন শর্ত ও ত্রিপক্ষীয় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। পিসিবির ভাষ্যমতে, ‘চুক্তির কাঠামোর বাইরে গিয়ে এমন একতরফা প্রস্থান লীগের পেশাদারিত্ব ও মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। ফলে তিনি ২০২৭ সালের আসরে অংশগ্রহণের যোগ্যতা হারালেন।’ নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত শানাকা ক্ষমা চেয়ে বলেন, ‘পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আমি গভীরভাবে দুঃখিত। পাকিস্তানের মানুষ ও সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আশা করি, ভবিষ্যতে আবারও আপনাদের বিশ্বাস অর্জন করে ক্রিকেটে ফিরতে পারব।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইপিএল ও পিএসএল প্রায় একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। ফলে বিদেশি ক্রিকেটারদের নিয়ে এমন টানাটানির ঘটনা এখন একপ্রকার নিয়মিতই। শানাকার আগে একই কারণে পিএসএলে দুই বছরের নিষেধাজ্ঞা পান জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। তিনি ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। গত বছর এই একই কারণে দক্ষিণ আফ্রিকার করবিন বশকেও এক বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন