লক্ষ্মীপুরে অপহরণ নাটক সাজিয়ে হয়রানি, মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কাতার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সেলিম। গতকাল সকালে ঐতিহ্য কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে সেলিম জানান, তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা করছেন। তার একমাত্র ছেলে শাহী কানন লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে তাদের পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, প্রায় ৫-৬ মাস আগে সাংবাদিক পরিচয়দানকারী কাজী মাকছুদুল হকের ভাগিনা মেহেরাজের নেতৃত্বে একটি দল তার ছেলেকে অপহরণ করে হ্যাপী রোড এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হলেও অভিযুক্তদের হুমকি অব্যাহত থাকে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দাবিকৃত টাকা না পেয়ে মাকছুদ তার মেয়েকে ব্যবহার করে ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি ও বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। গত ১লা এপ্রিল সকালে ওই মেয়ে পরিকল্পিতভাবে সেলিমের বাসায় গিয়ে কাননকে ডেকে নিয়ে যায়, যার সিসিটিভি ফুটেজ রয়েছে। পরবর্তীতে মেয়েকে অপহরণের অভিযোগ তুলে একটি মামলা দায়ের করা হয় এবং কাননকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। সেলিম বলেন, মেয়ের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের ঘটনা ঘটেনি। পরে আদালত তার ছেলেকে জামিন দিলেও অভিযুক্ত পক্ষ থেকে নিয়মিত হুমকি দেয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে মাকছুদুলের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তোলা হয়। একইসঙ্গে তার স্ত্রী ফাতেমা তুজ জোহরা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হিসেবে কর্মরত, তার বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়।
লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
