বাংলাদেশের ‘চতুর্দশ সেঞ্চুরি’ লিটনের

বাংলাদেশের ‘চতুর্দশ সেঞ্চুরি’ লিটনের

ফন্ট সাইজ:

বাংলাদেশের ১৪তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন এ উইকেটরক্ষক-ব্যাটার । ম্যাচে ব্যাট হাতে ১১ বলে ৭ রান করার পাশাপাশি উইকেটের পেছনে দুটি ক্যাচ তালুবন্দি করেন লিটন। ওয়ানডেতে টানা ১৯ ম্যাচে ফিফটি পাননি এ ডানহাতি ব্যাটার। ব্যক্তিগত ৭৬ রান ওপেনার তানজিদ হাসান তামিম সাজঘরে ফেরার ব্যাটিংয়ে নামেন লিটন। কিউই স্পিনার লেনক্সের করা ২৫তম ওভারে দ্বিতীয় বলে চার হাঁকান তিনি। দুই বল পরে বড় শট খেলতে গিয়ে লেনক্সের বলেই আউট হন লিটন। তার ক্যাচটি নেন ফক্সক্রফট।

২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় লিটনের। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০০ ম্যাচের ৯৯ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৭০৭ রান করেছেন লিটন। তার ব্যাটিং গড়- ৩০.০৭ এবং স্ট্রাইক রেট ৮৫.৬৯। পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে ২৫টি ক্যাচ ও ৫টি স্টাম্পিং করেছেন তিনি।

লিটনের আগে বাংলাদেশের হয়ে ১৩ জন ক্রিকেটার ওয়ানডেতে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেন । তারা হলেন- মুশফিকুর রহীম (২৭৪ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৯ ম্যাচ), মাশরাফি বিন মর্তুজা (২১৮ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), মোস্তাফিজুর রহমান (১১৯ ম্যাচ), মেহেদী হাসান মিরাজ (১১৯ ম্যাচ), হাবিবুল বাশার (১১১ ম্যাচ) এবং রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন