ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ফের ৩ দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রিমান্ডের আদেশ দেন। এ নিয়ে তাকে সপ্তম দফা রিমান্ডে নেয়া হলো।
এর আগে গতকাল দুপুরে আফজাল নাছেরকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর মামলায় তদন্ত কর্মকর্তা এসআই কফিল উদ্দিন আরও সাতদিনের রিমান্ডের আবেদন করেন। আফজাল নাছেরের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিন রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি রিমান্ডের পক্ষে শুনানি করেন।
২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন আফজাল নাছের। ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ২৯শে মার্চ গভীর রাতে সেনাবাহিনীর এই সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আটক করে গোয়েন্দা পুলিশ।

পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ওইদিন তাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এরপর বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আরও চার দফায় ১১ দিনের রিমান্ডে পাঠানো হয়। গেল শুক্রবার দেলোয়ার হোসেন হত্যা মামলায় আফজাল নাছেরকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন আবার তার পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করলে তিনদিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন