দুর্নীতির মামলায় পলককে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

ফন্ট সাইজ:

দুর্নীতির মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাফটকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। শুনানিতে দুদকের পক্ষে প্রসিকিউটর মো. নূরে আলম অংশ নেন। শুনানি শেষে আদালত কারাফটকে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল-আমিন কারাগারে থাকা পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, দায়িত্বে থাকাকালে অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে লাভবান হতে গিয়ে পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। আসামি বর্তমানে কারাগারে আছেন। মামলার গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। এ ছাড়া নিজের ও যৌথ নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। দুদকের ভাষ্য, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এসব লেনদেন করে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে।
২০২৪ সালের ১২ই ডিসেম্বর অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন ও আড়াল করার অভিযোগে পলকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলাটি করেন দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন