দৌলতপুরের জয়পুর জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের গাফিলতির কারণে এবারো এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না ইসরাত জাহান (১৭) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থী ইসরাত জাহান দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি এলাকার সেনাসদস্য মাহাবুল হক এর মেয়ে। পরীক্ষা বঞ্চিত ইসরাত জাহান জানায়, সে ২০২৪ সালে জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে নিবন্ধন করে এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষার ফরমও পূরণ করে। তবে প্রায় দুই মাস আগে বিদ্যালয় থেকে তাকে জানানো হয়, তার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থগ্রহণ করে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। শিক্ষার্থী আরও বলে, ২১শে এপ্রিল আমার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৮ই এপ্রিল আমাকে জানানো হয়, আমি পরীক্ষায় অংশ নিতে পারবো না। শিক্ষকদের গাফিলতির কারণে আমার জীবনের মূল্যবান দু’টি বছর নষ্ট হয়ে গেল। এ ঘটনায় সে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এ বিষয়ে জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম নান্নু এ ঘটনায় প্রতিষ্ঠানের গাফিলতির দায় স্বীকার করেন। তবে তিনি ফরম ফিলাপের জন্য তিনবার টাকা নেয়ার অভিযোগটি সঠিক নয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওই ছাত্রী স্কুলে নিয়মিত ছিল না, শিক্ষার্থী অনিয়মিত হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ খবর নেয়ার দায়িত্ব ছিল, যা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পালন করেননি। এ বছর পরীক্ষায় অংশ নিতে না পারলেও আগামী বছর সে যাতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একইসঙ্গে দায়িত্বে অবহেলা করা শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহমেদ বলেন, বিষয়টি আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ জানান, ভুক্তভোগী শিক্ষার্থী যোগাযোগ করলে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।
শিক্ষকের গাফিলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না শিক্ষার্থী ইসরাত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
