উখিয়ায় ৫০ হাজার ইয়াবা ছিনতাই, দুই গ্রুপের দ্বন্দ্বে উত্তেজনা

উখিয়ায় ৫০ হাজার ইয়াবা ছিনতাই, দুই গ্রুপের দ্বন্দ্বে উত্তেজনা

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামে আবারো আলোচনায় এসেছে মাদকসংশ্লিষ্ট অপরাধ। একসময় চট্টগ্রাম দক্ষিণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এ এলাকা এখন নিয়মিতই খবরে আসছে ইয়াবা ও অপরাধ কর্মকাণ্ডের কারণে। সর্বশেষ গত ১৩ই এপ্রিল দুপুরে বালুখালীর ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন মহাসড়কে চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিযোগে বহনকৃত প্রায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনিয়ে নেয় স্থানীয় তিন যুবক। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে এসব ইয়াবার কথিত বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকারও বেশি। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বালুখালীর কুখ্যাত ডাকাত জুলুর ছেলে বাবুল এই ঘটনার মূলহোতা। তাকে সহযোগিতা করেছে আপন দুই ভাই নুরুল আজাদ আশিক ও ইমন। পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল ও আশিকের বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক মাদক ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এ ঘটনার সূত্রপাত। তাদের দাবি, তালিকাভুক্ত এক শীর্ষ মাদক কারবারি এই ছিনতাইয়ের পেছনে ইন্ধনদাতা হিসেবে কাজ করেছে এবং ছিনতাইকৃত ইয়াবা ভাগ-বাটোয়ারা ও বিক্রির দায়িত্বও নিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ইয়াবাকেন্দ্রিক এই বিরোধ যেকোনো সময় বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে। ঘটনার পর থেকেই অভিযুক্ত তিন যুবক গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ সব সময়ই তৎপর রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন