ময়মনসিংহে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সোমবার দুপুরে নগরীর জেলখানা গেট সংলগ্ন এলাকায় দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে।
আহতরা হলেন, নগরীর ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সিএনজি চালিত অটোরিকশাচালক রমজান আলী (৪৫) এবং মো. রাশেদ (২৪)। বর্তমানে আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল জানান, সম্প্রতি স্থানীয় প্রশাসন নগরীর যানজট নিরসনের লক্ষ্যে টাউন হল এলাকার সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে জেলখানা গেট সংলগ্ন এলাকায় স্থাপনের নির্দেশ দেয়। এরপর সেখানে সিএনজি স্ট্যান্ড বসানো হলে দৈনিক চাঁদা দাবি করেন বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল। এ নিয়ে চালকদের সঙ্গে কথাকাটাকাটি হলে একপর্যায়ে দুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী চালকদের ওপর হামলা চালিয়ে ২ চালককে রক্তাক্ত করে।
তিনি আরও বলেন, নগরীর সিএনজি সেক্টর দুকুলের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ চালকরা। এ সব ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধসহ বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় চাঁদাবাজির মামলা হলে সম্প্রতি দুকুল জামিনে কারামুক্ত হয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে।
তবে এ সব অভিযোগ অস্বীকার করে শ্রমিক দল নেতা দেবব্রত দাস দুকুল বলেন, সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা থেকে জায়গা ভাড়া নিয়ে আমরা স্টেডিয়াম এলাকায় সিএনজি স্ট্যান্ড করেছি। এ নিয়ে চালকদের সঙ্গে চালকদের গণ্ডগোল হয়েছে। আমি কারও ওপর হামলা করিনি বরং আমার ওপর হামলা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, শুনেছি দুইটি পক্ষের মধ্যে মারপিটে একজন আহত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।
চাঁদাবাজি নিয়ে ময়মনসিংহে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ২
ময়মনসিংহ প্রতিনিধি
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
