বুন্ডেসলিগা শিরোপাকে বায়ার্ন মিউনিখের নিজস্ব সম্পত্তি বলেই আখ্যা দেন ফুটবল ভক্তরা। চার ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো জার্মান ফুটবলের সর্বোচ্চ শিরোপা নিশ্চিত করলো বাভারিয়ানরা। রোববার ঘরের মাঠে ভিএফবি স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে ৩৫তম লীগ শিরোপা নিশ্চিত করে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। সবশেষ ১৪ মৌসুমের ১৩ বারই বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন। শুধু ২০২৩-২৪ মৌসুমে সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়ন হয় জাবি আলোনসোর বায়ার লেভারকুসেন।
ম্যাচের ২১তম মিনিটে স্টুটগার্ট লিড নিলে আলিয়েঞ্জ অ্যারেনায় কিছুটা নীরবতা নেমে আসে। তবে ৩১ থেকে ৩৭, এই ৬ মিনিটের তাণ্ডবেই মূলত উড়ে যায় সফরকারীরা। একে একে জাল কাঁপান বাভারিয়ানদের রাফায়েল গেরেইরো, নিকোলাস জ্যাকসন এবং আলফন্সো ডেভিস। বিরতির পর শেষ গোলটি করেন জামাল মুসিয়ালার বদলি হিসেবে নামা হ্যারি কেইন। শিরোপা নিশ্চিতের পর উচ্ছ্বসিত এ ইংলিশ অধিনায়ক দলের মানসিক শক্তির প্রশংসা করে ডিএজেডএনকে বলেন, ‘দল যেভাবে লড়াই করে লীগটি শেষ করেছে, তা ছেলেদের মানসিক শক্তিরই পরিচয় দেয়। প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য অবিচল ছিল। এই শিরোপা জয়ের পেছনের কঠোর পরিশ্রমগুলো আজ সার্থক মনে হচ্ছে।’
২০২৩-এ জার্মানিতে আসার পর থেকে গোলমেশিনে পরিণত হয়েছেন কেইন। চলতি লীগ মৌসুমে ২৭ ম্যাচে তার গোল সংখ্যা ৩২। সব মিলিয়ে, চলতি মৌসুমে ৪৩ ম্যাচে তিনি জালে বল জড়িয়েছেন ৫১ বার। বাভারিয়ানদের জার্সিতে কেইনের বর্তমান পরিসংখ্যান ১৩৯ ম্যাচে ১৩৬ গোল। কেইনের এই আগুনঝরা ফর্মের ওপর ভর করেই এখন পর্যন্ত লীগে ১০৯টি গোল করেছে বায়ার্ন, যার গোল ব্যবধান আকাশচুম্বী (+৮০)!
৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে বায়ার্ন এখন ধরাছোঁয়ার বাইরে। টেবিলের দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে তারা। শিরোপা নিশ্চিতের পর বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘এটি চমৎকার একটি অনুভূতি। এমন মুহূর্তের অভিজ্ঞতা পেতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। তাই এ সময়গুলোকে উপভোগ করতে হবে।’
তবে এখানেই থামতে চান না কোম্পানি। পরবর্তী ম্যাচে দু’দিনের মধ্যেই লেভারকুসেনের বিপক্ষে ডিএফবি পোকাল বা জার্মান কাপের সেমিফাইনাল খেলবে বাভারিয়ানরা। এরপর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষেও চ্যাম্পিয়নস লীগের সেমির ম্যাচ রয়েছে। সেসবের দিকেও মনোযোগ দিতে চান কোম্পানি। বায়ার্ন বস বলেন, ‘আমরা (এই মৌসুমে) আরও শিরোপা জিততে পারি। এটি এখনও শেষ হয়ে যায়নি, আরও অনেক কিছু আসা বাকি। সবকিছুই মানসিকতার ওপর নির্ভর করে এবং আমাদের মানসিকতা সবসময় সর্বোচ্চ পর্যায়ে থাকে।’
